গোপাল সিং, খোয়াই, ০৮ মে || বৃহস্পতিবার খোয়াইয়ের সমতল পদ্মবিল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সঞ্জীত দে নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছিলেন। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গতকাল রাতেই খোয়াই জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি স্থানান্তর করা হয়েছিল। TRO1A-08960 নম্বরের বেপরোয়া গতির একটি বাইকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছিল। গতকাল সঞ্জীত দে তাঁর বোনকে নিয়ে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় খোয়াইগামী একটি হিরো বাইক অত্যন্ত দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সঞ্জীতবাবুকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং তাঁর মাথায় ও শরীরে গুরুতর চোট লাগে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সঞ্জীত দে-কে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়তেই খোয়াই জেলা হাসপাতাল চত্বরে ব্যাপক ভিড় জমান উত্তেজিত এলাকাবাসী।
অন্যদিকে, দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে ওই বাইকে থাকা তিন যুবককে স্থানীয়রা ধরে ফেলেন। উত্তেজিত জনতা বাইকে থাকা তিন বাইক আরোহীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়। তাদের নাম বিশাল মুন্ডা, বিকাশ মন্ডা ও বিষ্ণু মুন্ডা। এদের দুজনের বাড়ি সিমনা এবং একজন কৈলাসহর। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
