আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || আমতলী থানার অন্তর্গত এলাকায় দুষ্কৃতি নিলয় সিংহের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবকের বিরুদ্ধে ব্যবসায়ী সুশান্ত দেবের পরিবারকে হুমকি, মারধর ও দোকানে হামলা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনায় আতঙ্কিত পরিবার বিচার চেয়ে বৃহস্পতিবার আমতলী থানার দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত পুলিশি পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সুশান্ত দেবের শ্বশুরকে শারীরিকভাবে নির্যাতন ও মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৪ মে গভীর রাতে একদল যুবক সুশান্ত দেবের দোকানে হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সামগ্রী নষ্ট করে দেয়। এমনকি দোকানে থাকা সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায় বলে দাবি পরিবারের।
ঘটনার পরপরই আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও চার দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ পরিবারের। এতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সুশান্ত দেবের পরিবারের দাবি, দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা গ্রহণ করে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তবে পুরো ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
