আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || “United in Humanity” মূল ভাবনাকে সামনে রেখে ৭৯তম বিশ্ব রেড ক্রস দিবস-২০২৬ উপলক্ষে ভারতীয় রেড ক্রস সোসাইটি, ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে শুক্রবার রাজ্যজুড়ে আয়োজিত হলো এক মহতী “মেগা রক্তদান শিবির”। “এসো রক্তের সম্পর্ক গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগরতলার রেড ক্রস ভবনে মূল অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যের আটটি জেলা শাখায় একযোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল তথা ভারতীয় রেড ক্রস সোসাইটির সভাপতি ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশ্ব রেড ক্রস দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল এবং রাজ্যব্যাপী রক্তদান কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি বিভিন্ন জেলার রক্তদাতা ও জেলা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়ও করেন।
ভারতীয় রেড ক্রস সোসাইটি, ত্রিপুরা রাজ্য শাখার সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ অতিথি, স্বেচ্ছাসেবক ও রক্তদাতাদের স্বাগত জানিয়ে রেড ক্রসের মানবিক কার্যক্রম ও সমাজসেবামূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি সমাজকল্যাণমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
সংস্থার চেয়ারম্যান বি. কে. রায় তাঁর বক্তব্যে মানবসেবায় রেড ক্রসের দীর্ঘ অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, সম্প্রতি ভুবনেশ্বরে অনুষ্ঠিত জাতীয় স্তরের জুনিয়র রেড ক্রস স্টাডি ক্যাম্পে ত্রিপুরা রাজ্য শাখার স্বেচ্ছাসেবক ও কাউন্সেলররা বিভিন্ন বিভাগে সাফল্য অর্জনের পাশাপাশি সামগ্রিকভাবে প্রথম স্থান অধিকার করেছে।
আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, সমগ্র রাজ্যজুড়ে একই দিনে এই ধরনের রক্তদান কর্মসূচি মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ। তিনি রেড ক্রসের শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা, স্বাস্থ্য সচেতনতা ও রক্তদান কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং স্বেচ্ছায় রক্তদানে অংশ নেওয়া সকলকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ আইজি আলোক কুমার চক্রবর্তী রেড ক্রসের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতে বিএসএফ জওয়ানদেরও এই ধরনের মানবিক উদ্যোগে আরও সক্রিয়ভাবে যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
এদিন রেড ক্রসের পেট্রন, আজীবন সদস্য এবং স্বাস্থ্য সখীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীদের পরিবেশনায় একতা সংগীত অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, খোয়াই, গোমতী, দক্ষিণ ত্রিপুরা, ধলাই, উত্তর ত্রিপুরা এবং উনকোটি—এই আটটি জেলা শাখায় একযোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরে মোট ৩৭৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এর মাধ্যমে রাজ্যে একদিনে সর্বোচ্চ রক্তদানের নতুন ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় রেড ক্রস সোসাইটি, ত্রিপুরা রাজ্য শাখা।
অনুষ্ঠানের শেষে সহ-সভাপতি পরমানন্দ সরকার ব্যানার্জী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক বিশাল কুমার সহ বিভিন্ন সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় গান ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
