শান্তিরবাজারে চাঞ্চল্য : রাবার বাগান থেকে উদ্ধার মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ মে || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মৈনাক্ষপাড়ায় একইসঙ্গে মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে গভীর রাবার বাগানের মধ্যে একটি গাছ থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে কয়েকজন ব্যক্তি রাবার বাগানে গরু চরাতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের দেহ দেখতে পান। পরে বিষয়টি শান্তির বাজার থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, মনপাথর ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাস, শান্তির বাজার থানার সেকেন্ড অফিসার সমীর বিশ্বাস, মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি এম সৈয়ফউদ্দিন আহম্মেদ সহ ফরেন্সিক টিমের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন মৈনাক্ষপাড়ার বাসিন্দা মঞ্জীতা রিয়াং (২৬) এবং তাঁর আট বছরের ছেলে ডিকসন রিয়াং। পরিবারের কর্তা রাজেশ রিয়াংয়ের স্ত্রী ও পুত্র বলেই জানা গেছে।
মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটিকে ঘিরে রহস্য দানা বাঁধছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শনিবার মৃতদেহ দু’টির ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।
একইসঙ্গে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*