আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || অম্বাবুচি উপলক্ষে রাজধানী আগরতলাজুড়ে ধর্মীয় উৎসবের আবহ বিরাজ করছে। এই উপলক্ষে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে আজ থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী বিশেষ ধর্মীয় পূজা ও নানা আচার-অনুষ্ঠান।
পরিবার ও সমাজের মঙ্গল কামনায় বহু মহিলা এই পূজার্চনার ব্রত গ্রহণ করেন। পূজাকে কেন্দ্র করে মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন, যা উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
অম্বাবুচি উপলক্ষে রাজ্যের বিভিন্ন মন্দিরেও বিশেষ পূজা-পাঠ ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের আনন্দময়ী কালীবাড়ি, ইন্দ্রনগর কালীবাড়ি এবং সেন্ট্রাল রোড শিববাড়িতে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভক্তদের উপস্থিতিতে মন্দির চত্বরগুলো মুখর হয়ে ওঠে ধর্মীয় আবহে।
এদিকে, লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে বসেছে মেলাও, যা দর্শনার্থী ও ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাতৃত্বের প্রতীক হিসেবে পালিত অম্বাবুচি পর্বের বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিবছরের মতো এবারও আসামের কামাখ্যা মন্দির-এ চারদিনব্যাপী এই উৎসব উপলক্ষে বিশেষ পূজা-পাঠের আয়োজন করা হয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটছে। রাজধানী আগরতলাতেও অম্বাবুচিকে ঘিরে ভক্তি, আধ্যাত্মিকতা ও উৎসবের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে।
