খুনের ঘটনায় উত্তপ্ত কাঁঠালতলী, জারি ১৬৩ ধারা, ৪৮ ঘণ্টার জন্য জমায়েত নিষিদ্ধ, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কড়া পদক্ষেপ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || আমতলী থানাধীন কাঠালতলী এলাকায় সংঘটিত খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ ধারা জারি করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৫ জুন বিকেল ৫টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বিশাল কুমার, আইএএস জারি করা আদেশে উল্লেখ করেছেন যে, কাঁঠালতলীর খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনমনে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিশোধমূলক হামলা, বেআইনি জমায়েত এবং জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশ অনুযায়ী, আমতলী থানার পুরো এলাকায় পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অস্ত্রসহ কিংবা অস্ত্র ছাড়াই কোনো ধরনের সমাবেশ করা যাবে না।
তবে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে—
আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের,
জরুরি সরকারি দায়িত্ব পালনে নিয়োজিত সরকারি কর্মচারীদের,
এবং জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীদের চলাচল।
প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ২২৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাঠালতলীর খুনের ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*