আপডেট প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুন || রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে বিভিন্ন মহকুমার বিদ্যালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ৩৯ নং মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভূরাতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, ছাত্র-ছাত্রীদের জন্য উপলব্ধ বিভিন্ন সুযোগ-সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পর্যালোচনা করেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি এবং শিক্ষার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সভাধিপতি জানান, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিনের পরিদর্শনে সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালন (SMC) কমিটির চেয়ারম্যানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
