আগরতলা থেকে কলকাতাগামী এয়ার অ্যাম্বুল্যান্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগিণীর মৃত্যুর খবর ঘিরে চাঞ্চল্য

আপডেট প্রতিনিধি, ঢাকা, ১৮ অক্টোবর || আগরতলা থেকে কলকাতায় রোগী নিয়ে যাওয়ার পথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল একটি এয়ার অ্যাম্বুল্যান্স। জানা গেছে, মাঝ আকাশে এয়ার অ্যাম্বুল্যান্সটির একটি দরজা খুলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুল্যান্সটিতে রোগিণী-সহ মোট সাতজন ছিলেন। রোগিণীর নাম অঞ্জনা ভৌমিক। তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী শান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহ-পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা। এয়ার অ্যাম্বুল্যান্সটি এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের বলে জানা গেছে।
জরুরি অবতরণের পর রোগিণীকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, রোগিণীর মৃত্যুর খবর পাওয়া গেলেও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। অন্যদিকে, এয়ার অ্যাম্বুল্যান্সে থাকা রোগিণীর সঙ্গী এবং দুই পাইলট সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
আগরতলা থেকে কলকাতাগামী এয়ার অ্যাম্বুল্যান্সের ঢাকায় জরুরি অবতরণ এবং রোগিণীর মৃত্যুর খবরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঘটনার সম্পূর্ণ বিবরণ এবং রোগিণীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*