গোপাল সিং, খোয়াই, ১৮ অক্টোবর || শারদীয় দুর্গোৎসবের পবিত্র প্রাক্কালে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকার উত্তর অংশের বিভিন্ন দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন এবং সাধারণ মানুষের সাথে আনন্দ ভাগ করে নিলেন এলাকার জনপ্রিয় বিধায়ক রঞ্জিত দেববর্মা। এই পরিদর্শনের সময় বিধায়কের সাথে উপস্থিত ছিলেন এমডিসি জেমস দেববর্মা এবং স্থানীয় দলের বিশিষ্ট নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে সাধারণ মানুষ ও পুজো কমিটির উদ্যোক্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন তাঁরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রামচন্দ্রঘাট বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে এ বছর মোট ৯১টি সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে মায়ের আরাধনা ও পূজা অনুষ্ঠিত হচ্ছে। উত্তর অংশের প্রায় ৩২টি মণ্ডপ সশরীরে পরিদর্শন করে পূজার আনন্দ ও উৎসবের আমেজ সবার মাঝে ছড়িয়ে দেন বিধায়ক ও এমডিসি। দক্ষিণ অংশের মণ্ডপগুলিও খুব শীঘ্রই পরিদর্শনের কর্মসূচি রয়েছে; উৎসবের দিনগুলিতে জনপ্রতিনিধিদের এমন সশরীরে উপস্থিতি রামচন্দ্রঘাটজুড়ে সম্প্রীতি ও আনন্দের পরিবেশকে আরও দৃঢ় করেছে।
