জাতীয় সড়কে দুই বাইকের সংঘর্ষ, গুরুতর আহত দুই

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ অক্টোবর || শান্তির বাজারের ট্রাই জংশন এলাকায় নতুন পেট্রোলপাম্প সংলগ্ন জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বাইকচালক। রবিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণে জানা যায়, TR-08-G-8272 নম্বরের একটি বাইক এবং TR-01-B-6464 নম্বরের অপর একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুই বাইকচালকই জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনায় আহত দু’জন হলেন বিলোনিয়ার বিদ্যাপীঠ কর্নার এলাকার বাসিন্দা সুকুমার বৈদ্যের ছেলে কৃষ্ণ বৈদ্য এবং শান্তির বাজার থানায় কর্তব্যরত হোমগার্ড নিত্যরয় জমাতিয়া। জানা যায়, কৃষ্ণ বৈদ্যের চালিত বাইকটি আচমকাই নিত্যরয় জমাতিয়ার বাইকে সজোরে ধাক্কা মারে। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোমগার্ড নিত্যরয় জমাতিয়ার শারীরিক অবস্থার অবনতি ও আশঙ্কাজনক পরিস্থিতি বিবেচনা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শান্তির বাজার থানার পুলিশ একটি মামলা রুজু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*