ষষ্ঠীর দিনেই নেশাবিরোধী অভিযানে সাফল্য, শান্তির বাজারে ৪০০ বোতল বিলেতি মদ উদ্ধার, আটক ৫

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ অক্টোবর || বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে তৎপর শান্তির বাজার থানার পুলিশ। দুর্গাপুজো শুরুর প্রাক্কালে নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শান্তির বাজার থানার পুলিশ। শুক্রবার ষষ্ঠীর দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০০ বোতল বিলেতি মদ উদ্ধার করার পাশাপাশি পাঁচজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শান্তির বাজার থানার ওসি রাজু দত্তের নেতৃত্বে এসআই সমীর বিশ্বাস ও এসআই স্বপন সেনের উপস্থিতিতে পুলিশের দুটি দল গঠন করে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে শান্তির বাজার থানার অধীন বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
দুর্গোৎসবের দিনগুলিতে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নেশাজনিত কারণে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেই লক্ষ্যেই পুলিশের এই বিশেষ অভিযান বলে জানা গেছে। উৎসবের মরশুমে নেশাবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দিচ্ছে শান্তির বাজার থানার পুলিশ।
এদিনের অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে থানার ওসি রাজু দত্ত জানান, আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দুর্গাপুজোর দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উৎসব কাটাতে পারেন, তার জন্য পুলিশ প্রশাসন সর্বদা তৎপর থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
উৎসবের আবহে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শান্তির বাজার থানার পুলিশের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*