গোপল সিং, খোয়াই, ৩০ জুন || “প্রাকৃতিক চাষেই কৃষকের সমৃদ্ধি, সুরক্ষিত থাকবে আমাদের ধরিত্রী”—এই স্লোগানকে সামনে রেখে এবং মাটির উর্বরতা রক্ষা করে বিষমুক্ত ফসল উৎপাদনের সংকল্প নিয়ে খোয়াইতে অনুষ্ঠিত হলো জেলা স্তরের এক বিশাল কর্মশালা। খোয়াই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ খোয়াই নতুন টাউন হলে এই একদিনের বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষেতবাঁচাও অভিযান’ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
উদ্বোধনী ভাষণে বিধায়ক পিনাকী দাস চৌধুরী রাসায়নিক চাষের মারাত্মক কুফল সম্পর্কে কৃষকদের সতর্ক করেন। তিনি বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাভাবিক উর্বরতা যেমন নষ্ট হচ্ছে, তেমনই মানুষের প্লেটে পৌঁছে যাচ্ছে বিষাক্ত খাদ্য। কীভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কম খরচে বিষমুক্ত ফসল উৎপাদন করা সম্ভব এবং কীভাবে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা যায়, সেই বিষয়ে তিনি উপস্থিত কৃষক ভাইদের উদ্দেশ্যে বিস্তারিত ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
কৃষি দপ্তরের এই জেলা স্তরের কর্মশালায় জেলা ও পুর পরিষদের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থেকে কৃষকদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায়, জিলা পরিষদের অন্যতম সদস্য অনুকুল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্ম্মা সহ বিভিন্ন ওয়ার্ডের পুর কাউন্সিলর এবং কৃষি দপ্তরের পদস্থ আধিকারিক ও কৃষি বিজ্ঞানীরা।কেবল আলোচনা বা পরামর্শেই সীমাবদ্ধ ছিল না আজকের এই কর্মসূচি। খোয়াই জেলার কৃষকদের কৃষিকাজকে আরও আধুনিক, সহজতর ও লাভজনক করে তুলতে এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে এদিন দপ্তরের তরফ থেকে কৃষকদের মধ্যে সরকারি ভরতুকি যুক্ত আধুনিক ট্র্যাকটার বিতরণ করা হয়।
