নজিরবিহীন মানবিকতা! এক শিশুর জীবন বাঁচাতে নিজের ৬০ লক্ষ টাকার বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত এক গৃহবধূর

গোপল সিং, খোয়াই, ৩১ জুলাই || একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে নিজের সর্বস্ব ত্যাগ করার এক অভূতপূর্ব ও নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি হলো ত্রিপুরায়। চিকিৎসাধীন শিশু মনশ্রী চৌধুরীর জীবন রক্ষায় নিজের প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের আস্ত একটি বাড়ি বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এক গৃহবধূ। তাঁর নাম জয়িতা চৌধূরী। খোয়াইয়ের বাসিন্দা এই গৃহবধূর এমন মানবিক সিদ্ধান্ত আজ সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। নিজের সম্পত্তি বিক্রি করে এভাবে একটি শিশুর চিকিৎসার পাশে দাঁড়ানোর এই মহান উদ্যোগ ইতিমধ্যেই সমাজজুড়ে বিপুল আবেগ ও প্রশংসার সৃষ্টি করেছে। নিজের ভবিষ্যতের কথা সামান্যতম চিন্তা না করে বাড়ি বিক্রির অর্থের একটি বড় অংশ মনশ্রীর চিকিৎসার জন্য তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐ গৃহবধূ। নিজের জন্য প্রয়োজনীয় অর্থ রেখে, বাকি সমস্ত টাকা একটি শিশুর প্রাণ বাঁচানোর মতো মহৎ কাজে উৎসর্গ করার এই সিদ্ধান্ত বর্তমান সময়ে দাঁড়িয়ে নিঃসন্দেহে এক বিরল ও অনন্য মানবিকতার পরিচয়।

এদিকে, মনশ্রীর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তার পরিবার দীর্ঘদিন ধরেই চিকিৎসার খরচ জোগাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়ে আসছিল। ঠিক এই কঠিন পরিস্থিতিতে একজন সাধারণ মানুষের এমন নিঃস্বার্থ ত্যাগের সিদ্ধান্ত আজ সমাজের বুকে মানবিকতার এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। এই মহৎ উদ্যোগের খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। সচেতন মহলের আশা, এই অনন্য ত্যাগ দেখে অনুপ্রাণিত হয়ে যদি সমাজের আরও বহু মানুষ এগিয়ে আসেন, তবে মনশ্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা অনেকটাই সহজ হবে। বর্তমানে সকলের একটাই প্রার্থনা—এই মহৎ উদ্দেশ্য যেন সফল হয় এবং মনশ্রী দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের কোলে ফিরে আসে। মানবিকতার এই গল্প যেন আমাদের সমাজে আবারও প্রমাণ করে দিল—একটি শিশুর জীবন বাঁচাতে মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*