আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || আগরতলার বাধারঘাট মাতৃপল্লী এলাকার দূরদর্শন স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকায় এক গৃহবধূর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় এক মহিলা অভিযুক্তকে হাতেনাতে আটক করে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে জনৈক মতিলাল মিত্রের বাড়িতে একাকিত্বের সুযোগ নিয়ে এক মহিলা বাড়িতে প্রবেশ করে। সে সময় বাড়িতে উপস্থিত ছিলেন মতিলাল মিত্রের স্ত্রী বাণী মিত্র। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মহিলা প্রথমে বাণী মিত্রের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন। এরপর তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় বাণী মিত্র চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকাবাসীরা ধাওয়া করে অভিযুক্ত মহিলাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় বলে অভিযোগ।
পরবর্তীতে খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বে এ ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দিনের বেলায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের চেষ্টায় উদ্বেগ প্রকাশ করে এলাকায় পুলিশি টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
