নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ৩০ জুলাই || দক্ষিণ ত্রিপুরার ঐতিহ্যবাহী দ্বৈত্যশ্বরী কালী মন্দিরে সংঘটিত চুরির মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সাব্রুম মহকুমা আদালত। একই সঙ্গে প্রত্যেকের বিরুদ্ধে ১০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর গভীর রাতে সাব্রুমের দ্বৈত্যশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরে থাকা দেবীর অলংকার (গয়না) এবং দানবাক্সে থাকা নগদ অর্থ চুরি করে পালিয়ে যায়। ঘটনার পরদিন, অর্থাৎ ২৭ ডিসেম্বর ২০২৪, সাব্রুম থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর 46/24। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩৩১(৪), ৩০৫/১১২(২) এবং ৩১৭(২) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সাব্রুমের এসডিজেএম আদালতের মাননীয়া বিচারক রূপশ্রী দেব মামলার তিন অভিযুক্ত সজল নম (১৯), ঝুলন নম (২৬) এবং সেন্টু ত্রিপুরা (১৯)-কে দোষী সাব্যস্ত করেন।
রায়ে আদালত প্রত্যেক অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ছিলেন সাব্রুম থানার এসআই আশিষ দে। রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গৌরাঙ্গ দেবনাথ।
এই রায়কে মন্দিরে সংঘটিত অপরাধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন আইনজীবী মহল ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে আদালতের কঠোর অবস্থান ভবিষ্যতে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।
