২৫ কোটিরও বেশি ব্যয়ে ৩টি স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী, উঠলো রাজস্ব কার্যালয় স্থাপনের দাবি

গোপল সিং, খোয়াই, ৩১ জুলাই || রাজ্যের শিক্ষা ও আধুনিক পরিকাঠামোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ত্রিপুরার প্রতিটি প্রান্তে প্রগতির নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে বর্তমান সরকার। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আজ, খোয়াই জেলার বাইজালবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের তিনটি স্কুলের নতুন ভবনের যৌথ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। উল্লেখ্য, রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় (এইচএস স্কুল), বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং বারোমাইদান দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই নতুন ভবনগুলো নির্মাণে মোট ২৫.৫৭ কোটি টাকা ব্যয় করা হবে। এর মধ্যে বাইজালবাড়ি স্কুলের জন্য নির্মিত হবে একটি ত্রিতল ভবন এবং রতনপুর ও বড়ো ময়দান বিদ্যালয়ের জন্য তৈরি হবে দুটি দ্বিতল ভবন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে চলেছে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং বিকশিত ত্রিপুরার জয়যাত্রা”।
এদিনের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ স্থানীয় শিক্ষার্থীসহ বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে স্থানীয়রা রামচন্দ্রঘাট এলাকায় একটি ‘রেভিনিউ সার্কেল অফিস’ (রাজস্ব সার্কেল কার্যালয়) স্থাপনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো অনুরোধ জানান। এর পাশাপাশি, সংশ্লিষ্ট স্কুলগুলোতে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের জন্যও তাঁর কাছে দাবি জানানো হয়।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রঘাট বিধানসভার বিধায়ক রঞ্জিত দেববর্মা, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা শাসক রজত পন্থ, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত) এবং রামচন্দ্রঘাটের এমডিসি জেমস দেববর্মা। এছাড়াও প্রশাসনের পদস্থ আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব ড. মিলিন্দ রামটেকে এবং খোয়াই জেলার পুলিশ সুপার বি. জগদীশ্বর রেড্ডি সহ আরও অনেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*