সাব্রুমে সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের উদ্যোগ

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ৩০ জুলাই || দক্ষিণ ত্রিপুরার কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে খাদ্য, জনসংবরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় সাব্রুম মহকুমার বটতলায় সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্র-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে, ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন।
সরকারি ঘোষণা অনুযায়ী, ২০২৫-২৬ মরশুমে প্রতি কুইন্টাল ধানের সরকারি সহায়ক মূল্য (MSP) নির্ধারণ করা হয়েছে ২,৩৬৯ টাকা। এই নির্ধারিত মূল্যে নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। এছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা শাসক সুমন রক্ষিত, সাব্রুমের প্রাক্তন বিধায়ক শংকর রায়, সাতচাঁদ কৃষি দপ্তরের এসএ মনোহর দাস, বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কমলিকা দাস নাথ-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, কৃষি উৎপাদনে আরও উৎসাহ প্রদান এবং রাজ্যের খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাকে শক্তিশালী করাই সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য। নিবন্ধিত কৃষকরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে এই ক্রয়কেন্দ্রে তাঁদের উৎপাদিত ধান বিক্রি করতে পারবেন।
অনুষ্ঠিতে উপস্থিত অতিথিরা সরকারের কৃষকবান্ধব বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেন, এই ধরনের উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর করে তুলবে এবং কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*