বলরাম দেবনাথ, সাব্রুম, ৩১ জুলাই || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, জনজাতি কল্যাণ-সহ বিভিন্ন ক্ষেত্রে মোট ১৭৮ কোটি টাকা ব্যয়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পিএম শ্রী তৈইকুরমা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে একাধিক নতুন প্রকল্পেরও শিলান্যাস করা হয়।
এদিন বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত কর্মীদের হাতে আধুনিক উদ্ধার ও ত্রাণ সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জেলার প্রতিটি ব্লকের জন্য একটি করে আধুনিক বর্জ্য সংগ্রহকারী গাড়ি প্রদান করা হয়। প্রশাসনের আশা, এর ফলে জেলার বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত ও কার্যকর হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, ৩৯ মনু কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া-সহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উন্নয়নই আমাদের সরকারের মূল অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখেই আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও জনজাতি কল্যাণ-সহ বিভিন্ন ক্ষেত্রে মোট ১৭৮ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।”
তিনি আরও জানান, গত দুই বছরে দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রায় ৪০৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস সম্পন্ন হয়েছে। এসব প্রকল্প জেলার সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে শান্তিরবাজার জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
