গোপাল সিং, খোয়াই, ০৯ আগস্ট || ৮ ঘন্টা সারাইয়ের কাজে বিদ্যুৎ পরিসেবা বন্ধ রাখার অগ্রিম ঘোষনা দিয়ে দীর্ঘ ১২ ঘন্টা কেটে গেলেও, বিদ্যুত পরিসেবা স্বাভাবিক হলো না খোয়াই মহকুমার অধীন অফিসটিলা ফিডারে। খোয়াইয়ের প্রশাসনিক চৌহদ্দি এই অফিসটিলায় যে সাবস্টেশনটি রয়েছে তার জন্মসূত্র থেকেই বৈদ্যুতিক গোলযোগের রেকর্ড রয়েছে। কিন্তু সেটির পরিকাঠামোর উন্নয়নের বিষয়টি আধুনিক যুগেও বঞ্চিতের তালিকায়। এই ব্যর্থতা বিদ্যুৎ দপ্তরের বলেই অভিমত জনগণের।
বছরব্যাপী অধিকাংশ দিনেই খোয়াইজুড়ে সকাল থেকে সন্ধ্যা বিদ্যুৎহীনতা’— আর তাতেই যেনো আবারও শিলমোহর দিলো খোয়াই বিদ্যুৎ দপ্তর। গত শনিবার মাইক যোগে খোয়াই মহকুমার বিদ্যুৎ গ্রাহকদের জানানো হয়েছিল রবিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবেনা। কিন্তু সাড়ে ৯ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পুনরায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর লেখা পর্যন্ত ১২ ঘন্টার উপর হয়েছে, বিদ্যুত পরিসেবা স্বাভাবিক করতে ব্যর্থ দপ্তর। তীব্র গরমে হাস ফাঁস জনজীবন। বৃদ্ধ থেকে শিশু’র অবস্থা নাজেহাল।
এই পরিস্থিতি নতুন নয়, বরং প্রায় প্রতিবার একই দৃশ্য দেখতে দেখতে খোয়াইবাসী অভ্যস্থ। তেমনি বিদ্যুৎ দপ্তর চিরাচরিত চিত্র ধরে রাখতেও বদ্ধপরিকর। বছরব্যাপী প্রায় অধিকাংশ রবিবার এবং ছুটির দিনগুলিকে বাছাই করে বিদ্যুতহীনতায় খোয়াইবাসীকে নাজেহাল করে চললেও, দপ্তর আজ নিয়ন্ত্রণাধীন বলেই অভিমত জনগণের। তবে শুধু নির্দিষ্ট দিন নয়, বছরব্যাপী সামান্য দমকা হাওয়াতেই শহরের অন্যান্য প্রান্তে ধীরে ধীরে বৈদ্যুতিক পরিসেবা স্বাভাবিক হয়ে উঠলেও, অফিসটিলা ফিডারে তা অনেকটাই বিলম্ব হয়। গভীর রাতে বিদ্যুৎ পরিসেবা হয়, এতেও অভ্যস্ত হতে বাধ্য হচ্ছে জনগণ।
