গোপাল সিং, খোয়াই, ২৫ সেপ্টেম্বর || গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর লেকচৌমুহনী কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ। অভিযানে একটি মারুতি গাড়ি আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেকচৌমুহনী কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় সন্দেহজনকভাবে চলাচল করা TR01BV0370 নম্বরের একটি মারুতি গাড়িকে ধাওয়া করে আটক করা হয়।
গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় মোট ৯৬টি প্যাকেট, যার মধ্যে ছিল প্রায় ১৯২ কেজি গাঁজা। তবে পুলিশ গাড়িটি আটক করার আগেই চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এত বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি পলাতক চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজা ও গাড়ি নিয়ে আইনানুগ প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ।
