পানীয় জলসহ একাধিক দাবিতে জাতীয় সড়ক অবরোধে কলাছড়ার ছাত্রছাত্রীরা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৬ সেপ্টেম্বর || পানীয় জলসহ বিদ্যালয়ের একাধিক সমস্যা সমাধানের দাবিতে সাব্রুম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল কলাছড়া একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় সড়কের উপর বসে অবরোধ শুরু করে। এর জেরে কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল। সমস্যায় পড়েন পথচারী ও যানবাহন চালকরাও।
ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। পাশাপাশি সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ে সোলার লাইট ও স্মার্ট বোর্ডের ব্যবস্থা এবং মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করার দাবিও জানিয়ে আসছেন তারা।
ছাত্রছাত্রীদের দাবি, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও বিদ্যালয়ের প্রিন্সিপালের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধের পথে নামতে হয়েছে তাদের।
অবরোধের খবর পেয়ে মনু বাজার থানার পুলিশ ও সংশ্লিষ্ট আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়।
অবরোধ উঠে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় সাব্রুম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কে যান চলাচল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*