বলরাম দেবনাথ, সাব্রুম, ২৪ আগস্ট || দক্ষিণ ত্রিপুরা জেলায় মৎস্য চাষের বিকাশে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। ঋষ্যমুখ আর.ডি. ব্লকের অন্তর্গত বাসপাদুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড (NFDB)-এর আওতায় একটি বিশেষ মৎস্য প্রজনন কেন্দ্র বা ব্রিডিং ইউনিটের উদ্বোধন করা হয়েছে। সোমবার এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
স্থানীয় গুরুত্বপূর্ণ দেশীয় মাছের প্রজাতির প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যচাষীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, সরকারি প্রকল্পের আর্থিক সহায়তায় মোট ৭ লক্ষ টাকা ব্যয়ে নান্টু মিয়া নামে এক মৎস্যচাষীর উদ্যোগে এই হ্যাচারি ও ব্রিডিং ইউনিটটি গড়ে তোলা হয়েছে।
নতুন এই প্রজনন কেন্দ্র চালু হওয়ায় এলাকায় দেশীয় মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় মৎস্যচাষীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বিলুপ্তপ্রায় ও স্থানীয় দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং প্রজননে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত সংশ্লিষ্টদের।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভু নাথ কর, বিশিষ্ট সমাজসেবী নকুল পালসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্যচাষের প্রসার ঘটিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ব্রিডিং ইউনিটের মাধ্যমে স্থানীয় মৎস্যচাষীরা উন্নত সুযোগ-সুবিধা পাবেন এবং আগামী দিনে মৎস্য উৎপাদনে ঋষ্যমুখ এলাকায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
