আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট || যোগেন্দ্রনগর আঞ্চলিক সিপিআই(এম) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল সিপিআই(এম)।
এদিন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয় থেকে মিছিল করে দলীয় কর্মী-সমর্থকরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে পৌঁছান। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরবর্তীতে সিপিআই(এম)’র একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে যোগেন্দ্রনগর আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
