পাঁচ বছর পূর্তিতে সুখবর, নিয়মিত বেতন কাঠামোয় ত্রিপুরার ২৪২ গ্র্যাজুয়েট শিক্ষক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট || দীর্ঘদিন ফিক্সড পে-তে কর্মরত গ্র্যাজুয়েট শিক্ষকদের জন্য বড় স্বস্তির খবর। পাঁচ বছর পরিষেবা সম্পূর্ণ করা ত্রিপুরার ২৪২ জন Graduate Teacher-কে এবার নিয়মিত বেতন কাঠামোর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গত ২৫ আগস্ট, ২০২৬ তারিখে ত্রিপুরা সরকারের Directorate of Elementary Education-এর পক্ষ থেকে জারি করা সরকারি মেমোর মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। Teachers’ Recruitment Board, Tripura-এর সুপারিশের ভিত্তিতে T-TET-II উত্তীর্ণ হয়ে ফিক্সড পে-তে নিযুক্ত শিক্ষকদের মধ্যে যাঁরা নিরবচ্ছিন্নভাবে পাঁচ বছর পরিষেবা সম্পূর্ণ করেছেন, তাঁদেরই এই সুবিধার আওতায় আনা হয়েছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট ২৪২ জন শিক্ষককে ৫,৭০০–২৪,০০০ টাকা বেতন স্কেল এবং ROP 2018-এর Pay Matrix-এর Level-9, Cell-1 অনুযায়ী নিয়মিত বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করা হবে। সংযুক্ত তালিকায় প্রত্যেক শিক্ষকের ক্ষেত্রে কোন তারিখ থেকে নিয়মিত বেতন কাঠামোর সুবিধা কার্যকর হবে, তাও নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে।
শুধু বেতন কাঠামোতেই পরিবর্তন নয়, নিয়মিত বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের ফিক্সড পে-র পদগুলিও নিয়মিত পদ হিসেবে গণ্য হবে। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের পাঁচ বছরের পরিষেবা কোনও ধরনের বিরতি ছাড়া সম্পূর্ণ হওয়া বাধ্যতামূলক বলে সরকারি মেমোতে স্পষ্ট করা হয়েছে।
এদিকে, বর্তমানে ফিক্সড ক্যাটাগরিতে কর্মরত অন্যান্য Graduate Teacher-দের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। যাঁরা ইতিমধ্যেই পাঁচ বছর পরিষেবা পূর্ণ করেছেন, তাঁদের প্রয়োজনীয় তথ্য আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে Directorate of Elementary Education-এ পাঠানোর জন্য সংশ্লিষ্ট জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা দপ্তরের এই পদক্ষেপের ফলে আগামী দিনে পাঁচ বছর পরিষেবা পূর্ণ করা আরও ফিক্সড পে-তে কর্মরত গ্র্যাজুয়েট শিক্ষক নিয়মিত বেতন কাঠামোর আওতায় আসার সুযোগ পাবেন। দীর্ঘদিনের অপেক্ষার পর ২৪২ জন শিক্ষকের নিয়মিত বেতন কাঠামোয় অন্তর্ভুক্তির সিদ্ধান্তে সংশ্লিষ্ট শিক্ষক মহলে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*