আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট || শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানিয়ে মঙ্গলবার অল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন (ATTA)-এর পোস্ট অফিস চৌমুহনী ইউনিটের পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধিকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দ্রুত দূর করা, টেট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান, শিক্ষকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা এবং বিদ্যালয়ে অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় বন্ধ করার দাবি জানানো হয়।
এর পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করারও দাবি তুলে ধরে সংগঠনটি। তাদের বক্তব্য, শিক্ষার পরিবেশকে আরও সুস্থ ও কার্যকর করে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থে উত্থাপিত সমস্যাগুলির দ্রুত সমাধান করা জরুরি।
এদিনের স্মারকলিপি প্রদানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়।
