গোপাল সিং, খোয়াই, ০১ সেপ্টেম্বর || এক পবিত্র ও ভক্তিময় পরিবেশে খোয়াইয়ে অনুষ্ঠিত হলো মহতী বৈষ্ণব সম্মেলন। বিজেপির খোয়াই জেলা সভাপতি সমীর দাসের তবলাবাড়ি এলাকার নিজ বাসভবনের রাধামাধব মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।
নিজের জন্মদিনের ব্যস্ততার মধ্যেও রাজধানী আগরতলা থেকে খোয়াইয়ে এসে অনুষ্ঠানে যোগ দেন রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক বৈষ্ণব সাধু ও ভক্তের সমাগম ঘটে।
আয়োজক সমীর দাস জানান, তাঁদের বাড়ির রাধামাধব মন্দিরের পবিত্র প্রাঙ্গণে তাঁর পরমপূজনীয় মায়ের ইচ্ছাতেই এই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠানে ১০৮ জন বৈষ্ণবকে কমণ্ডলী ও আছলা প্রদান করা হয়। পাশাপাশি হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণে সৃষ্টি হয় ভক্তিময় পরিবেশ।
অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। উপস্থিত সাধু-সন্ত, ভক্ত ও পুণ্যার্থীরা শ্রদ্ধার সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এমন একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে সাধু-সন্ত ও ভক্তদের সঙ্গে মিলিত হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। হরিনাম সংকীর্তন ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ এক আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে ওঠে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী। অনুষ্ঠানের আয়োজন সফল করে তুলতে সহযোগিতা করা সকল সাধু-সন্ত, ভক্ত ও পুণ্যার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান সমীর দাস ও তাঁর পরিবার। পাশাপাশি রাধামাধবের চরণে রাজ্যবাসীর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়।
