বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের পাঞ্জীরায় মগ পাড়ায় ভাল্লুকের হামলায় গুরুতর আহত হয়েছেন এক দম্পতি। আহতরা হলেন অংসাফাই মগ ও তাঁর সহধর্মিণী অংসানো মগ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে অংসাফাই মগ ও অংসানো মগ নিকটবর্তী একটি রাবার বাগান পরিষ্কার করার জন্য যান। সেখানে কাজ করার সময় আচমকাই একটি ভাল্লুক তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ভাল্লুকের আক্রমণে দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহত স্বামী-স্ত্রী দু’জনই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, জঙ্গল ও রাবার বাগান সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর গতিবিধি সম্পর্কে প্রয়োজনীয় সতর্কতা ও নজরদারি বাড়ানো হোক।
