গোপাল সিং, খোয়াই, ০১ সেপ্টেম্বর || জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল ত্রিপুরা সরকার। রাজ্য সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তরের জারি করা এক নির্দেশিকায় একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের নতুন দায়িত্ব ও পদোন্নতির কথা জানানো হয়েছে। এই রদবদলের জেরে খোয়াই মহকুমায় নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন তরুণ আইএএস আধিকারিক রিমিতা সাহা।
প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন (LBSNAA), মুসৌরিতে আইএএস প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায় অর্থাৎ Phase-II সফলভাবে সম্পন্ন করার পর রিমিতা সাহাকে খোয়াই মহকুমার মহকুমা শাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি তিনি খোয়াই পুরপরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO)-এর অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।
অন্যদিকে, খোয়াইয়ের বিদায়ী মহকুমা শাসক তথা পুরপরিষদের CEO নির্মল কুমার-কে বদলি করে আগরতলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি তিনি ডিরেক্টর, OBC Welfare এবং Tripura OBC Welfare Cooperative Development Corporation-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
প্রশাসনিক এই রদবদলে রাজ্যের আরও কয়েকটি মহকুমায় নতুন এসডিএম নিয়োগ করা হয়েছে। মুসৌরিতে প্রশিক্ষণ সম্পন্ন করা আইএএস থিতে শুভম ভগবান-কে কাঞ্চনপুর মহকুমার এসডিএম, আইএএস দীপিকা গৌতম-কে শান্তিরবাজার মহকুমার এসডিএম এবং আইএএস শুভম মীনা-কে উনকোটি জেলার কুমারঘাট মহকুমার নতুন এসডিএম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনিক ব্যবস্থায় আরও গতি আনা, দায়িত্বের পুনর্বিন্যাস এবং সরকারি পরিষেবাকে আরও কার্যকর করার লক্ষ্যেই এই রদবদল বলে মনে করা হচ্ছে। নতুন মহকুমা শাসক হিসেবে আইএএস রিমিতা সাহার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খোয়াই মহকুমা প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
