আগরতলা বিমানবন্দর ও রেলস্টেশনে শুরু Uber পরিষেবা, চালু ‘পর্যটন তথ্য কেন্দ্র’

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || ত্রিপুরার পরিবহন ও পর্যটন ব্যবস্থায় যুক্ত হলো প্রযুক্তি ও আধুনিকতার নতুন অধ্যায়। বৃহস্পতিবার আগরতলাস্থিত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা Uber এবং ‘পর্যটন তথ্য কেন্দ্র’-এর শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী।
উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হয় আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনকেও। এর ফলে বিমানবন্দর এবং রেলস্টেশন—পরিবহনের গুরুত্বপূর্ণ এই কেন্দ্রগুলিতে একই সময়ে অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবার সূচনা হলো।
নতুন এই পরিষেবার ফলে বিমানবন্দর ও রেলস্টেশনে আগত যাত্রী এবং পর্যটকদের জন্য যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে দিতে চালু করা হয়েছে ‘পর্যটন তথ্য কেন্দ্র’। এর মাধ্যমে রাজ্যে আগত পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা ও বিভিন্ন পর্যটন সংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।
অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী বলেন, “পরিবহন ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য, পর্যটনে নতুন আকর্ষণের মধ্য দিয়ে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ত্রিপুরাকে একটি আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব রাজ্য হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”
রাজ্যের পরিবহন ও পর্যটন পরিকাঠামোকে আরও আধুনিক করে তুলতে প্রযুক্তিনির্ভর পরিষেবার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিমানবন্দর ও রেলস্টেশন থেকে নির্ভরযোগ্য অ্যাপভিত্তিক পরিবহন ব্যবস্থা চালু হওয়ায় রাজ্যে আগত পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সুগম হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*