আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ২১ সেপ্টেম্বর || সোনামুড়া শুভপুর গ্রাম পঞ্চায়েতের মিলক্কিবাড়ী এলাকায় ৬০ বছর বয়সি তাহেরা বেগম নামে এক বৃদ্ধা মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে ফেরদৌসী বেগমের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান তাহেরা বেগম।
অভিযোগকারী তাহেরা বেগমের দাবি, গরু সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটির পর দু’জনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এরপরই ফেরদৌসী বেগম লাঠি দিয়ে তাঁর মাথা, পিঠ ও পায়ে আঘাত করেন বলে অভিযোগ। এতে তিনি আহত হন বলে দাবি করেছেন তাহেরা বেগম।
তাহেরা বেগমের আরও অভিযোগ, স্থানীয় পর্যায়ে সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত তিনি সোনামুড়া থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগকারী জানান, তাঁর স্বামী নেই। পাশাপাশি একমাত্র নাতির সড়ক দুর্ঘটনায় মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। এরই মধ্যে মারধরের ঘটনার পর তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েছেন বলে জানান।
সাংবাদিকদের সামনে ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাহেরা বেগম। তবে অভিযুক্ত ফেরদৌসী বেগমের বক্তব্য এবং পুলিশের তদন্তের অগ্রগতি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে।
