উৎসবের আমেজে ভিলেজ কাউন্সিলের ভোটগ্রহণ, বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর || উৎসবের আমেজে নির্ধারিত সময় সকাল ৭টা থেকেই শুরু হয়েছে বকাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের মধ্যে ভোটদানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। স্ত্রী ও মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে এসে তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।
অন্যদিকে, দেবীপুর ভিলেজের ৩ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন এমডিসি কেনারাম রিয়াং। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংকেও।
ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন বুথে বিজেপি ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যেও সৌজন্যের ছবি ধরা পড়ে। কোথাও কোথাও দুই দলের কর্মী-সমর্থকদের পরস্পরের সঙ্গে কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময় করতেও দেখা যায়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভোটের দিনে পারস্পরিক সৌজন্যের এই ছবি বিশেষভাবে নজর কাড়ে।
এদিকে, বকাফা ব্লকের ১৪টি ভিলেজের দখল নিয়ে এনডিএ জোটের দুই শরিক দলের মধ্যেই আত্মবিশ্বাস রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হবে ভোটারদের রায় কার পক্ষে গেছে।
ভোটগ্রহণকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
সব মিলিয়ে, বকাফা ব্লকের ১৪টি ভিলেজের মোট ৪৬টি পুলিং স্টেশনে এখন পর্যন্ত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*