ধনপুরে নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা, ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠানে প্রতিমা ভৌমিক

গোপাল সিং, খোয়াই, ১৩ অক্টোবর || ধনপুরে নবনির্বাচিত এডিসি ভিলেজ কাউন্সিলের সদস্য-সদস্যাদের সংবর্ধনা জানানো এবং জনসংযোগের বার্তা নিয়ে আয়োজিত ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠানে অংশ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সোমবার ভারতীয় জনতা পার্টির ধনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল ও স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়।
এদিন প্রতিমা ভৌমিক নবনির্বাচিত সদস্য-সদস্যাদের জনগণের আস্থার মর্যাদা রক্ষা করার আহ্বান জানান। পাশাপাশি, সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বৈষম্যহীনভাবে সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যায়, সেদিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ধনপুরের কামরাঙাতলী পঞ্চায়েতে আয়োজিত ‘অঙ্গন মিলন সেবা’ ও মায়েদের মিলনমেলাতেও অংশ নেন প্রতিমা ভৌমিক। সেখানে স্থানীয় মহিলা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ, মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীবাস ভৌমিক-সহ স্থানীয় দলীয় নেতৃত্ব ও কর্মীরা।
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা এবং স্থানীয় মহিলাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি জনসংযোগ ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*