মহালয়ার পুণ্যলগ্নে ৮ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, দুঃস্থদের পাশে দাঁড়ালেন মেয়র দীপক মজুমদার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || আসন্ন শারদীয় দুর্গোৎসব ও আলোর উৎসব দীপাবলি উপলক্ষে মহালয়ার পুণ্যলগ্নে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আগরতলার ৮ নম্বর ওয়ার্ড। এলাকার দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে তাঁদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর শম্পা সেন সরকার, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, কর্পোরেটর হীরালাল দেবনাথ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের অভাব-অভিযোগ শোনা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এলাকায় রাস্তা, ড্রেন-সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে তিনি জানান।
দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নেওয়ার প্রসঙ্গে মেয়র বলেন, উৎসবের সময় আমরা নিজেদের আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবদের উপহার দিয়ে থাকি। কিন্তু আমাদের আশপাশে বসবাসকারী পাড়া, মহল্লা ও ওয়ার্ডের মানুষজনও আমাদের আপনজন। তাঁদের মুখে হাসি ফোটানো এবং তাঁদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।
এই ভাবনা থেকেই এলাকার প্রতিটি বাড়িতে বস্ত্র উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
মহালয়ার শুভক্ষণে এই বস্ত্র বিতরণ কর্মসূচি এলাকার মানুষের মধ্যে উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। উৎসবকে কেন্দ্র করে সমাজের সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*