গোপাল সিং, খোয়াই, ১৪ অক্টোবর || আসন্ন শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে খোয়াই পৌরসভার উদ্যোগে পৌরসভার ৩, ৭ ও ৮ নং ওয়ার্ডে এক বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।খোয়াই পুর পরিষদের সুযোগ্য চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মার ঐকান্তিক উদ্যোগে আয়োজিত এই জনকল্যাণমুখী অনুষ্ঠানে সাধারণ মানুষের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়।
এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী প্রণব বিশ্বাস, কাউন্সিলর পীযুষ কান্তি চৌধুরী এবং প্রীতি মজুমদার সহ পৌরসভার অন্যান্য প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ। পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা জানান, মহাশক্তির আরাধনার এই পবিত্র উৎসবে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে পারা অত্যন্ত আনন্দের এবং তিনি উপস্থিত সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানান। পৌরসভার এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে এলাকার সাধারণ ও প্রান্তিক পরিবারের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়েছে। উৎসবের মরসুমে শহরের বিভিন্ন ওয়ার্ডের দুস্থ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে খোয়াই পুর পরিষদের এই ধারাবাহিক সামাজিক উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
