সাব্রুমের ভারত সংঘ ক্লাবে দুর্গাপূজার শুভ উদ্বোধন, ঐতিহ্যের ৬৪ বছর

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১৪ অক্টোবর || ৬৪ বছরের ঐতিহ্য ও পরম্পরাকে সঙ্গে নিয়ে মহাচতুর্থীর সন্ধ্যায় সাব্রুমের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ভারত সংঘের দুর্গাপূজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৫টায় ত্রিপুরা সরকারের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এই দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।
উল্লেখ্য, ভারত সংঘ ক্লাবের দুর্গাপূজার পথচলা শুরু হয়েছিল আজ থেকে ৬৪ বছর আগে। তৎকালীন প্রাক্তন মন্ত্রী কালীপদ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পূজার সূচনা হয়। সেই সময় থেকে দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে ধর্মীয় নিষ্ঠা, সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্যের ধারাকে বহন করে চলেছে এই দুর্গোৎসব।
প্রতি বছরই ভারত সংঘের দুর্গাপূজাকে কেন্দ্র করে সাব্রুম এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। দুর্গোৎসবের দিনগুলিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। বছরের পর বছর ধরে এই পূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
৬৪ বছরের দীর্ঘ পথচলাকে স্মরণে রেখে এবারের দুর্গোৎসবও ভারত সংঘ ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। ঐতিহ্য ও পরম্পরার মেলবন্ধনে ভারত সংঘের দুর্গাপূজার শুভ সূচনায় সাব্রুমে শারদোৎসবের আনন্দ আরও এক নতুন মাত্রা পেল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*