শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঙালী মহিলা সমাজের উদ্যোগে বস্ত্র বিতরণ, উপকৃত শতাধিক মানুষ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করল বাঙালী মহিলা সমাজ। বুধবার শিবনগরস্থিত সংগঠনের রাজ্য কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এ বছরও সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে শাড়ি, টি-শার্ট, শার্ট-সহ বিভিন্ন ধরনের বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন প্রায় একশো মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঙালী মহিলা সমাজের সচিব কানন দাস-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সচিব কানন দাস বলেন, প্রতি বছর বাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে মহাসমারোহে দুর্গাপূজার আয়োজন করা হয়। তবে বর্তমানে দুর্গোৎসব আর শুধু বাঙালি সমাজের মধ্যে সীমাবদ্ধ নেই। জাতি-জনজাতি নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে দুর্গাপূজা আজ সর্বজনীন মিলনোৎসবে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ উপভোগ করার ইচ্ছা থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে অনেকের পক্ষেই নতুন বস্ত্র কেনা সম্ভব হয় না। সেই সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের পুজোর আনন্দে সামিল করতে বাঙালী মহিলা সমাজের এই ক্ষুদ্র প্রয়াস। নতুন বস্ত্র পেয়ে তাঁরাও যাতে উৎসবের আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি, শারদীয় দুর্গোৎসব ও দীপাবলি সকলের জন্য আনন্দময় হয়ে উঠুক এবং উৎসবের দিনগুলিতে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক বলে তিনি কামনা করেন। এ বিষয়ে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন।
এদিন দুর্গাপূজা উদ্যোক্তা ক্লাবগুলির প্রতিও বিশেষ আহ্বান জানান কানন দাস। তিনি বলেন, পুজোর কয়েকটি দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গান, কবিতা ও নাটক পরিবেশনের উদ্যোগ নেওয়া উচিত। এর মাধ্যমে আগত দর্শনার্থীদের সামনে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে। তাই পুজো উদ্যোক্তা ক্লাবগুলির সদস্যদের এ বিষয়ে বিশেষভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বাঙালী মহিলা সমাজের এই উদ্যোগ উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সম্প্রীতির এক সুন্দর বার্তা বহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*