নেশাবিরোধী অভিযানে সাফল্য, মনপাথর বাজার থেকে উদ্ধার ১৬৮ বোতল বিলেতি মদ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ অক্টোবর || দুর্গাপুজোর আনন্দঘন পরিবেশে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে শান্তির বাজার থানার পুলিশ। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উৎসবে শামিল হতে পারেন, সেই লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে চলছে নিয়মিত নজরদারি ও নেশাবিরোধী অভিযান। এরই ধারাবাহিকতায় ষষ্ঠীর দিন নেশাবিরোধী অভিযানে বিশেষ সাফল্য পেল শান্তির বাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ষষ্ঠীপুজোর দিন বেলায় নেশাবিরোধী অভিযান চালানোর পর একই রাতে ফের অভিযান চালানো হয় মনপাথর বাজার এলাকায়। শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত, সেকেন্ড অফিসার এসআই সমীর বিশ্বাস এবং এসআই স্বপন সেনের যৌথ উদ্যোগে নবম বাহিনীর টিএসআর জওয়ানদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন মনপাথর বাজার এলাকা থেকে টিআর ০৩ সি ০৬৯২ নম্বরের একটি গাড়ি থেকে ১৬৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানা গিয়েছে।
এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত জানান, উৎসবের দিনগুলিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নেশাজাতীয় সামগ্রীর অবৈধ কারবার রুখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে জারি থাকবে।
পুজোর মরশুমে শান্তির বাজার থানার পুলিশের এই তৎপরতায় এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হলো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*