বলরাম দেবনাথ, সাব্রুম, ০৬ নভেম্বর || আসন্ন সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে ফের নতুন চমক। এনডিএ জোটের শরিক হিসেবে নির্বাচনী ময়দানে নামল ত্রিপুরা মথা পার্টি (টিএমপি)। শুক্রবার ২ নম্বর ওয়ার্ডের এসটি সংরক্ষিত আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সোমেশ মগ।
এদিন সাব্রুমের মহকুমা শাসক তথা নির্বাচনী আধিকারিক সুমন রক্ষিতের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা মথা পার্টির দক্ষিণ ত্রিপুরা জেলা সভাপতি অরূপ দেব, এমডিসি দেবজিৎ ত্রিপুরা, টিএমপি নেতা মনীন্দ্র ত্রিপুরা ও রাজেশ ত্রিপুরা-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন টিএমপি দক্ষিণ ত্রিপুরা জেলা সভাপতি অরূপ দেব এবং এমডিসি দেবজিৎ ত্রিপুরা। তাঁদের বক্তব্যে আসন্ন নির্বাচনে দলের অংশগ্রহণ এবং এনডিএ জোটের রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।
উল্লেখ্য, সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে ত্রিপুরা মথা পার্টির প্রার্থীর মনোনয়ন দাখিলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এনডিএ জোটের শরিক হিসেবে টিএমপির এই নির্বাচনী অংশগ্রহণ আগামী দিনে সাব্রুমের নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
