গোপাল সিং, খোয়াই, ২৮ জানুয়ারী ৷৷ খোয়াইতে অনুষ্ঠিত অনুর্ধ-১৬ স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শনিবার মুখোমুখি হয় পহরমুড়া দ্বাদশ ও সোনাতলা দ্বাদশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মিঠু বিশ্বাসের ৯১ রানের ইনিংসের উপর ভর করে ২৭৩ রান তুলতে সক্ষম হয় পহরমুড়া দ্বাদশ। দলীয় ওপেনার জয়দ্বীপ বিশ্বাস ব্যার্থ হলেও অপর ওপেনার প্রেমজিৎ দত্ত ২৬ বলে ৩টি চারের সাহায্যে ২১ রান করে মিঠু বিশ্বাসের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে ৫১ রান তুলতে সক্ষম হয়। একদিকে ধারাবাহিক উইকেট পতনের মুখে মিডল অর্ডার ব্যাটসম্যান মিঠু বিশ্বাস ৭৪ বলে ১২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৯১ রান করে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যায়। যদিও মাত্র ৯ রানের জন্য তার ব্যাক্তিগত শতরানটি হাতাছাড়া হয়। অন্যদিকে সুমন দাস ১টি চার ও ২টি চারের সাহায্যে ২০ বলে ২৫ রান, সুপ্রদ্বীপ পাল ৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২ বলে ২১ রান, প্রসেঞ্জিত সিনহা ২টি চারের সাহায্যে ১২ বলে ১৮ রান, প্রসেঞ্জিত গোয়ালা ৩টি চারের সাহায্যে ২৩ বলে ১৫ রান এবং প্রশান্ত বিশ্বাস ৩টি চারের সাহায্যে ৯ বলে ১৩ রান করে দলকে এগিয়ে নিয়ে যায়। তবে কেউই বেশিক্ষন ক্রীজে দাঁড়াতে পারেনি। ৩৬.৪ ওভারে সবক’টি হারিয়ে ২৭৩ রান তুলে পহরমুড়া দ্বাদশ। সোনাতলা দ্বাদশের পক্ষে রোহন পাল ৩৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেয়। ২টি উইকেট যায় করণবীর দাসের দখলে। ১টি করে উইকেট পায় রুবেল পাল, তুহিন দেব ও সংগ্রাম নম:শূদ্র। ২৭৪ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জবাবে ব্যাট করতে নেমে করণবীর দাসের শতরানের উপর ভর করে ২ উইকেটের ব্যবধানে জয় পায় সোনাতলা দ্বাদশ। রুদ্ধশ্বাস ম্যাচে ৩৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌছায় সোনাতলা দ্বাদশ। করণবীরকে যোগ্য সঙ্গ দেয় অভিজিৎচন্দ্র দাস ৩২, জয়দ্বীপ শুক্লদাস ৪২, অভিজিৎ শুক্লদাস ১১। কিন্তু ৩৬ ওভারের শেষ বলে শতরানকারী ব্যাটসম্যান করণবীর আউট হতেই ম্যাচটি খুবই উত্তেজনাকর পরিস্থিতিতে চলে যায়। ১৮ বলে ২৪ রান তখনও প্রয়োজন। হাতে ২ উইকেট। শেষে ৩৯ ওভারের শেষ বলে চার মেরে দলের জয়কে নিশ্চিত করে তুহিন দেব। এদিকে পহরমুড়া দ্বাদশের পক্ষে ৩টি করে উইকেট পায় সুমন দাস ও মিঠু বিশ্বাস। ১টি করে উইকেট পায় প্রশান্ত বিশ্বাস ও প্রেমজিৎ দত্ত। শনিবারের ম্যাচে আম্পায়ার হিসাবে মাঠে ছিলেন শঙ্খদ্বীপ ভৌমিক ও অরুণান্ত বিকাশ সোম।
