নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল ৷৷ গত কয়েক বছর ধরে একের পর এক ত্রুটিপূর্ণ ফল প্রকাশ করছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এবছরও পরীক্ষার্থীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বজ্ঞানহীন কান্ডে নাকানিচোবানী খেয়েছে সন্দেহের অবকাশ নেই। অবশ্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশে প্রতিবছরই ছোট বড় দুর্ঘটনার সাক্ষী রাজ্যের পড়ুয়ারা। রাজ্যজুড়ে শিক্ষিতমহলে সমালোচনা শুরু হয়েছে

মধ্যশিক্ষা পর্ষদের দায়সারা কর্মকাণ্ডের। অবশেষে ভুলের মাশুল হিসেবে সাম্প্রতিক সময়ে পুনরায় ফল প্রকাশ করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বি এড পড়ুয়াদের ফল প্রকাশ এবং মার্ক শিট প্রদানে গাফিলতির অভিযোগ উঠেছে। সোমবার ২০১৫-১৭ ব্যাচের বি এড পড়ুয়া ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বজ্ঞানহীন কান্ডের প্রতিবাদে ৩ দফা দাবীতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের Examination Controller-র কাছে ডেপুটেশান প্রদান করেন। তাদের অভিযোগ, রাজ্যের ২০১৫-১৭ ব্যাচের বি এড পড়ুয়াদের প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারের মার্ক শিট এখনও প্রদান করেনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং ২০১৬ সালের ডিসেম্বরে হয়ে যাওয়া তৃতীয় সেমিস্টার পরীক্ষার এখনও ফল প্রকাশ করা হয়নি। কিন্তু জুন মাসেই তাদের আবার চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। ফলে বিপাকে পড়তে হচ্ছে বি এড পড়ুয়াদের। ২০১৫-১৭ ব্যাচের বি এড পড়ুয়াদের দাবীগুলির মধ্যে অন্যতম দাবীগুলি হল, ৭ দিনের মধ্যে প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারের মার্ক শিট প্রদান এবং ১৫ দিনের মধ্যে তৃতীয় সেমিস্টার পরীক্ষার মার্ক শিট সহ ফল প্রকাশ করা।