গোপাল সিং, খোয়াই, ২৭ মার্চ ৷৷ খোয়াই আর.ডি. ব্লকের অন্তর্গত পূর্ব চেবরী গাঁওসভার প্রধান এবং উপ-প্রধান সহ মোট ৮ জন পঞ্চায়েত সদস্য খোয়াই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বিরাজ দেবনাথের নিকট পদত্যাগ পত্র প্রদান করলেন মঙ্গলবার। উল্লেখ্য সোমবারই খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের পদত্যাগ পত্র প্রদান করেছেন। গোটা রাজ্যের সাথে পাল্লা দিয়ে খোয়াইতেও নানান ইস্যুকে সামনে রেখে বিশেষ করে পারিবারিক সমস্যাকে প্রাধান্য দিয়েই একের পর এক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদ এবং পুর পরিষদের নির্বাচিত ও মনোনিত সদস্যরা নিজেদের পদত্যাগ পত্র প্রদান করতে শুরু করেছেন। খোয়াইতেও সেই হিড়িক লক্ষ্য করা যাচ্ছে গত ১৭ই মার্চ থেকে। গতকাল খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ শুক্লদাস, ভাইস-চেয়ারম্যান মিঠুন দেব এবং পঞ্চায়েত সমিতির সদস্য সুভাস দাস একযোগে নিজেদের পদত্যাগ পত্র তুলে দেন কর্তব্যরত আধিকারিকের নিকট। এখন পর্যন্ত ৭ জন খোয়াই পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগ পত্র প্রদান করেছেন। গত ১৭ই মার্চ থেকে খোয়াই ব্লকের অধীন ২৫টি পঞ্চায়েতের এখন অবধি ১৮২ জন পঞ্চায়েত সদস্য-সদস্যা, প্রধান, উপ-প্রধানরা পদত্যাগ করার জন্য আবেদন করেছেন। এছাড়া খোয়াই পুর পরিষদের বিভিন্ন কাউন্সিলাররাও পদত্যাগের জন্য আবেদন করেছেন। পাশাপাশি খোয়াই পঞ্চায়েত সমিতির ৭ জন ও জিলা পরিষদের ১ জন সদস্যও পদত্যাগ পত্র প্রদান করেছেন সোমবার। অধিকাংশ ক্ষেত্রেই পারিবারিক সমস্যাকে সামনে রেখে এই পদত্যাগ অব্যহত রয়েছে।
