আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই ৷৷ ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রকাশ জাবড়েকরের সঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। টেটে এককালীন ছাড় দেওয়ার জন্যও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রকাশ জাবড়েকরের সঙ্গে আলোচনা করেন মূখ্যমন্ত্রী। শুক্রবার মূখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।বৃহস্পতিবার ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দু’দিনব্যাপী ১০ দিল্লী ডায়লগের বিশেষ অধিবেশন শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংকে চেয়ারম্যান করে বিশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিনিধি, কূটনীতিকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধিবেশনের প্রথমদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাসহ উত্তরপূর্বের রাজ্যগুলোতে দারুন সম্ভাবনা রয়েছে, তাই এখানে বিনিয়োগ করলে এ অঞ্চলের যেমন উন্নতি হবে, তেমনি বিনিয়োগকারীরাও লাভবান হবেন। মূখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের এ অঞ্চলকে অষ্টলক্ষ্মী হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীর সে স্বপ্ন ও পরিকল্পনা মতো ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারও কাজ করছে।
