আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে ৷। করোনা ভাইরাস পরিস্থিততে গোটা দেশেই চলছে লকডাউন প্রক্রিয়া। এই লকডাউনে রাজ্য তথা গোটার দেশের বিভিন্ন রাজ্যেই আটকে পরেছেন পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার থেকে অনুদান পাবার পর থেকেই বিভিন্ন রাজ্যে আটকে পরা পরিযায়ীদের রাজ্যে ফিরিয়ে এনার যেমন প্রক্রিয়া চলছে, ঠিক তেমনই রাজ্যে আটকে পরা পরিযায়ী শ্রমিকদেরও ভিন্ন রাজ্যে পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
রবিবার জিরানিয়া রেল স্ট্রেশন থেকে ১,৯৬৪ জন বিহার রাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় একটি ট্রেন। জানা যায়, শ্রমিক স্পেশাল এই ট্রেনটি বিহারের খাড়ারিয়া স্টেশনে যাবে। যাতায়াতে জনপ্রতি খরচ হচ্ছে ৬০০ টাকা। জানা যায়, এই টাকা মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে খরচ করা হয়েছে। এদিন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক সন্দীপ এন মাহাত্মে, জিরানিয়া মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, এস পি ট্রাফিক সহ রাণীর বাজার ওপেন রোভার ক্রু এবং রেঞ্জার, স্কাউট এন্ড গাইডের সদস্যরা জিরানিয়া রেল স্ট্রেশনে উপস্থিত থেকে তদারকি করেন। জানা যায়, রাণীর বাজার ওপেন রোভার ক্রু এবং রেঞ্জার, স্কাউট এন্ড গাইডের সদস্যরা পরিযায়ী শ্রমিকদের শুকনো খাবার ও জল প্রদান করেন।