আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ২০ সেপ্টেম্বর || নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে সোনামুড়ায় আয়োজিত নেশামুক্তি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সিপাহীজলা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় প্রতিদিনই মাঠে ভিড় জমাচ্ছেন ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ।
রবিবারের খেলায় মুখোমুখি হয় নাহিদ এলিভেন স্টার ও তক্সলাপাড়া। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নাহিদ এলিভেন স্টার। একের পর এক আক্রমণে তক্সলাপাড়ার রক্ষণভাগকে চাপে ফেলে তারা। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তক্সলাপাড়াকে ৫–০ গোলে পরাজিত করে নাহিদ এলিভেন স্টার।
খেলা ঘিরে মাঠে ছিল উৎসবের আবহ। ম্যাচ উপভোগ করতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। দুই দলের খেলোয়াড়দের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও সমর্থনে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে নেশার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এই টুর্নামেন্টের অন্যতম প্রধান উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ার বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে।
নেশামুক্ত সমাজ গড়ার এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে। আগামী দিনগুলিতে আরও বড় পরিসরে এই ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন আয়োজক ও ক্রীড়াপ্রেমীরা।
