‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানে আগরতলায় বিজেপির প্রতিবাদ পদযাত্রা, ব্যাপক জমায়েত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর || ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার প্রদেশ বিজেপির উদ্যোগে আগরতলায় এক প্রতিবাদ পদযাত্রার আয়োজন করা হয়। রবীন্দ্র ভবনের সামনে থেকে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দলীয় কার্যকর্তা ও সমর্থক অংশগ্রহণ করেন।
পদযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই রবীন্দ্র ভবন চত্বরে দলীয় কর্মী-সমর্থকদের জমায়েত শুরু হয়। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে দলে দলে কার্যকর্তারা এসে কর্মসূচিতে যোগ দেন। পদযাত্রাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণতন্ত্র রক্ষা এবং অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়। পদযাত্রা থেকে ষড়যন্ত্র ও অরাজকতার বিরুদ্ধে সরব হয়ে স্লোগান তোলেন অংশগ্রহণকারীরা। তাঁদের কণ্ঠে ধ্বনিত হয়, ‘যতই করো ষড়যন্ত্র, জয়ী হবে গণতন্ত্র’।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পদযাত্রায় ব্যাপক মানুষের অংশগ্রহণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির আয়োজিত এই র‍্যালিতে ব্যাপক সাড়া মিলেছে।
মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্য, বিধায়ক-বিধায়িকা, সাংসদ, আগরতলা পুর নিগমের মেয়র এবং প্রদেশ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও নেত্রীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সব মিলিয়ে শনিবারের এই প্রতিবাদ পদযাত্রাকে কেন্দ্র করে আগরতলায় বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য জমায়েত লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*