বলরাম দেবনাথ, সাব্রুম, ৩১ অক্টোবর || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। ভারতের লৌহমানব তথা স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৩১ অক্টোবর দেশজুড়ে এই দিবস পালন করা হয়। জাতীয় ঐক্য, সংহতি ও অখণ্ডতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য।
দিবসটি উপলক্ষে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, আইসিটি এবং সাব্রুম মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি। এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দৌড়ের মাধ্যমে তারা দেশের ঐক্য, সম্প্রীতি ও সংহতি রক্ষার বার্তা তুলে ধরে।
সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। রাষ্ট্রীয় একতা দিবসের তাৎপর্য এবং সর্দার বল্লভভাই প্যাটেলের দেশ গঠনে অবদানের বিষয়টিও এদিন বিশেষভাবে তুলে ধরা হয়।
এই কর্মসূচি সম্পর্কে দক্ষিণ ত্রিপুরার সিনিয়র ইনফরমেশন অফিসার অমৃত দাস সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সামগ্রিকভাবে এই উদ্যোগের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চেতনা জাগিয়ে তোলার বার্তা দেওয়া হয়।
