আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর || ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্য দিবস উদযাপিত হল আগরতলায়। এই উপলক্ষে শনিবার এডি নগরের এমআর দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে এক বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক (DGP) জি. এস. রাও এবং পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা।
অনুষ্ঠানের সূচনায় মুখ্যমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে অংশগ্রহণ করে অসম রাইফেলস, ত্রিপুরা স্টেট রাইফেলস, মহিলা পুলিশ, মহিলা টিএসআর এবং ট্রাফিক পুলিশ বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার শপথ গ্রহণ করা হয়। পাশাপাশি অসম রাইফেলস ও ত্রিপুরা স্টেট রাইফেলসের ব্যান্ডের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শকদের আকৃষ্ট করে।
নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের অসামান্য অবদান এবং স্বাধীনতার পর বিভিন্ন দেশীয় রাজ্যকে একত্রিত করে অখণ্ড ভারত গঠনে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। জাতির সংহতি বজায় রাখতে আত্মত্যাগকারী বীর সেনা ও নিরাপত্তাকর্মীদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
