বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ অক্টোবর || শুক্রবার রাতে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালমা চরনপাই পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক বসতবাড়ি। এই ঘটনায় বাড়ির মালিক উগ্যোজাই মগ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে উগ্যোজাই মগের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। বাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত জোলাইবাড়ি দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে দমকল কর্মীরা পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখায় বাড়ির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে বাড়ির প্রায় সমস্ত সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে যায়। ফলে বাড়ির মালিকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
প্রাথমিকভাবে মোমবাতির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার খবর পেয়ে বাইখোড়া থানার পুলিশ তদন্তে নেমেছে। পুলিশি তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
