বলরাম দেবনাথ, সাব্রুম, ৩১ অক্টোবর || ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে PM SHRI Sabroom Girls’ Higher Secondary School-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো রাষ্ট্রীয় একতা দিবস।
জাতীয় ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেমের চেতনাকে শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে বিদ্যালয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনাদর্শ, দেশপ্রেম এবং স্বাধীন ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যকে ঐক্যবদ্ধ করে দেশের অখণ্ডতা রক্ষায় তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়।
পাশাপাশি রাষ্ট্রীয় একতা দিবসের তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আয়োজন করা হয় শপথ পাঠের। শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় ঐক্য, সংহতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে একটি শক্তিশালী, সংহত ও উন্নত ভারত গড়ে তোলার বার্তা দিয়েই বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হয় এবারের রাষ্ট্রীয় একতা দিবস।
