আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর ৷৷ সম্প্রতি ‘ত্রিপুরা মডেল, সবার আগে জনগন’ শীর্ষক সি পি আই (এম)-র নির্বাচনী প্রচার পুস্তিকায় কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি দল সম্পর্কে আপত্তিকরজনক মন্তব্যের তীব্র নিন্দা জানায় ত্রিপুরা প্রদেশ বিজেপি। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কারযালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, ‘ত্রিপুরা মডেল, সবার আগে জনগন’ শীর্ষক সি পি আই (এম)-র নির্বাচনী প্রচার পুস্তিকার ৪নং পাতায় লিখেছেন, “প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে উগ্রপন্থী গোষ্ঠীগুলির সরাসরি যোগাযোগ রয়েছে। ঐ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওরা প্রত্যক্ষভাবে কথাবার্তাও বলেছেন”। এই রকম দেশদ্রোহিতা, দ্বিচারিতা, বিভ্রান্তিমূলক এবং মিথ্যাচারে ভরা পুস্তকটি বন্ধ করে দেওয়া দরকার। শ্রী দেব বলেন, হাপ্তাবাজ পার্টি হচ্ছে কমিউনিস্ট পার্টি। রাজ্যের প্রতিটি শ্রমিক, শিক্ষক, কর্মচারীদের থেকে এরা সাপ্তাহিক ও মাসিক হারে হাপ্তা আদায় করে থাকে।সাংবাদিক সন্মেলনে বিধায়ক রতন লাল নাথ বলেন, সি পি আই (এম) ক্ষমতা ধরে রাখার জন্য যে এতটা নিচে নামতে পারে, তা আগে দেখা যায়নি। কোনো কিভহু না জেনে, কোনো তথ্য প্রমান ছাড়া কিভাবে কেন্দ্রীয় সরকার সম্পর্কে এরকম আপত্তিজনক মন্তব্য করেন। বিধায়ক রতন লাল নাথ বলেন, মিথ্যাচারে ভরা এই পুস্তকটি বন্ধ করে এই পুস্তকের লেখিকা বৃন্দা কারাত এবং প্রকাশককে গ্রেপ্তার করা উচিত।
এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র ডাঃ অশোক সিনহা এবং মৃণাল কান্তি দেব।
অন্যদিকে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি দল সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করায় মঙ্গলবার বিকেল ৫টায় বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্যপাল তথাগত রায়ের কাছে দেখা করে সি পি আই (এম)-রএই নির্বাচনী প্রচার পুস্তিকা তৎক্ষণাৎ বন্ধ করার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানায়।
